বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

ঝুট দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, পথচারীসহ গুলিবিদ্ধ ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ২০:৪৫

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও আটজন।

বৃহস্পতিবার সকালে ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় একটি গার্মেন্টস কারখানার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির এক নেতার ছেলে রাকিব (২২) এবং মাদ্রাসা শিক্ষার্থী ইমরান হোসেন (১২)। গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবার জানায়, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সে গুলিবিদ্ধ হয়।

স্থানীয়দের দাবি, গার্মেন্টস কারখানার ঝুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ঝুট দখল নিতে গিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে মশিউর রহমান রনি দাবি করেন, ঘটনাটি রাজনৈতিক নয়, বরং ব্যবসায়িক বিরোধের ফল। তিনি বলেন, বৈধভাবে ঝুট সংগ্রহকারীদের ওপর হামলা চালানো হয়েছে এবং এতে তার কোনো সম্পৃক্ততা নেই।

অন্যদিকে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট নেতার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ঝুট নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top