বাংলাদেশে ১০টা বাটপার এক জায়গায় হলে ব্যাংক গড়ে ওঠে: তৈমূর খন্দকার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৯:৫৪
ব্যাংক খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ব্রিটিশদের দেশে চারজন মানুষ একত্র হলে তারা ক্লাব গঠন করে, আর বাংলাদেশে তার ধারণা ১০ জন বাটপার এক জায়গায় জড়ো হলে একটি ব্যাংক গড়ে ওঠে।
তিনি অভিযোগ করে বলেন, এক ব্যাংকের ঋণখেলাপি ব্যক্তি অন্য ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছে। এমনভাবে আইন প্রণয়ন করা হচ্ছে, যাতে নির্দিষ্ট কিছু পরিবারের বাইরে কেউ ব্যাংক প্রতিষ্ঠা করতে না পারে। এর ফলে দেশের অনেক ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তৈমূর আলম খন্দকার বলেন, বর্তমানে ব্যাংকে মানুষের জমাকৃত অর্থ নিরাপদ নেই। একসময় মানুষের আস্থার প্রধান জায়গা ছিল ব্যাংক, কিন্তু এখন সেই বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ২০টি দেউলিয়া প্রতিষ্ঠানের কাছে জনগণের বিপুল অঙ্কের অর্থ আটকে আছে, যা বিদেশে পাচার হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানের একটি বড় অংশ একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত এবং তারা ব্যাংক খাত থেকে অর্থ লুট করেছে। যদিও বর্তমানে তারা দৃশ্যপটে নেই, তবুও ভবিষ্যতে ফিরে আসবে না—এমন নিশ্চয়তা নেই বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
শেষে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেন, বিদ্যালয়ের অর্থ ব্যাংকে জমা না রেখে বিকল্পভাবে সম্পদ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া উচিত, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।