শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

সুনামগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪০

সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মালবোঝাই ট্রাকের চাপায় শাহরিয়ার হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি (নোয়াগাঁও) গ্রামের কমলা মিয়ার ছেলে। তিনি বর্তমানে জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক শাহরিয়ার ছিটকে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান। এরপর ট্রাকটি তাকে কিছু দূর টেনে নিয়ে গেলে তিনি গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় তার শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ট্রাক ভাঙচুরের চেষ্টাও করা হয়, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, শাহরিয়ারকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সিলেটে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তিনি মারা যান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top