মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়ল টাওয়ার, মোবাইল ও ইন্টারনেট সেবায় বিপর্যয়

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৬:১৮

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে ওই এলাকায় মোবাইলফোন ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় তিনলাখপীর বাসস্ট্যান্ডের পাশে স্থাপিত একটি মোবাইলফোন টাওয়ার ভেঙে পাশের খালে পড়ে যায়। এতে মোবাইল ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

একই সময় কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া বাদৈর ইউনিয়নের বাদৈর বাজার সড়কে একটি বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝড়ের আঘাতে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের ওপর গাছ পড়ে এর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, মঈনপুর বাজার এলাকার ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাদৈর বাজার সড়ক থেকেও গাছ অপসারণের কাজ চলছে। উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, কসবা ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে এবং টিনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সৃষ্টি হয়েছে ব্যাপক দুর্ভোগ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top