ভারি বৃষ্টিতে ডুবল কুমিল্লা, বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ২১:৪৭
টানা ভারি বর্ষণে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় ডুবে গিয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনেক পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মোমবাতি ও চার্জার বাতির আলোয় পরীক্ষা নেওয়া হয়েছে। কোথাও আবার পরীক্ষাকেন্দ্রে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের হাঁটুপানিতে বসে কিংবা দাঁড়িয়ে পরীক্ষা দিতে হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অবিরাম বৃষ্টিতে নগরীর আদালত সড়ক, মনোহরপুর, রেসকোর্স, মগবাড়ি চৌমুনীসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বৃষ্টির কারণে নগরীর ঈশ্বর পাঠশালা স্কুলসহ একাধিক পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় অনেক শিক্ষার্থীকে বেঞ্চের ওপর পা তুলে এবং দাঁড়িয়ে পরীক্ষা দিতে দেখা যায়। বিদ্যুৎ না থাকায় অন্ধকার কক্ষে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে বাধ্য হয় তারা।
ঈশ্বর পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শুধাংশু কুমার মজুমদার বলেন, হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না।
পানি নিষ্কাশনে কুমিল্লা সিটি করপোরেশন কাজ শুরু করলেও বিকেল পর্যন্ত নিচু এলাকাগুলোতে পানি জমে থাকতে দেখা গেছে। পাশাপাশি টানা বর্ষণ ও ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় ফসল ও ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, হঠাৎ করেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কেউ প্রস্তুত ছিল না। সকাল থেকেই জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে এবং বিশেষ দলও মাঠে রয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।