বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বাগেরহাটে গুরুতর আহতকে ‘নরমাল’ সার্টিফিকেট: প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫০

ছবি: সংগৃহীত


বাগেরহাটে গুরুতর আহত এক রোগীকে ‘নরমাল’ (সাধারণ) আঘাতের সার্টিফিকেট দেওয়ার অভিযোগে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগীর বোন ইরানি বেগম।

লিখিত অভিযোগে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে গত ২ মার্চ রাতে তার ভাই সোহানকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়।

তিনি বলেন, ঘটনার সময় ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

ইরানি বেগম অভিযোগ করেন, আহত সোহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বরং গুরুতর আঘাত থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে ‘নরমাল’ ইনজুরি সার্টিফিকেট দেওয়া হয়।

তিনি আরও জানান, ফকিরহাট থানায় মামলা করতে গেলে অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণে মামলা নেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করা হলে আদালত বিষয়টি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে পাঠায়।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মামলা করার পর থেকেই অভিযুক্তরা তাদের পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। থানায় সাধারণ ডায়েরি করেও কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইরানি বেগম হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে থানা ও হাসপাতালের ভূমিকা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এছাড়া তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ এলাকাবাসীকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top