নেতার মেয়ের বিয়েতে গিয়ে ধরা পড়লেন তিন পলাতক যুবলীগ নেতা
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ২১:০৮
খাগড়াছড়ির রামগড় পৌরসভায় এক বিয়ের অনুষ্ঠান ঘিরে তিন পলাতক যুবলীগ নেতা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনই ওয়ার্ড পর্যায়ের যুবলীগ নেতা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে তারা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। বিভিন্ন মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক (২৭)।
শুক্রবার সকালে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ২০২৩ সালে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এবং অপরটি ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই তিন নেতা ওয়ার্ড যুবলীগ সভাপতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এলাকায় আসেন। বৃহস্পতিবার রাতে তারা গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেন এবং পরে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন।
শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠানে তাদের অংশ নেওয়ার কথা থাকলেও তার আগেই সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তবে মেয়ের বিয়ের অনুষ্ঠানে ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম বলেন, দীর্ঘদিন পলাতক থাকা ওই তিন আসামিকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।