চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১৫:৩৭
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও চাঁদা আদায়কে কেন্দ্র করে হঠাৎ করেই সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকরা।
পরিবহন শ্রমিকদের দাবি, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয় সংগঠনই বাস থেকে চাঁদা আদায় করাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার জানান, আগে দুটি সংগঠন সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত হারে চাঁদা আদায় করত। তবে সম্প্রতি একটি পক্ষ শহরের হরিপুর এলাকায় আলাদাভাবে চাঁদা আদায় শুরু করলে বিরোধ তীব্র আকার ধারণ করে। এর প্রতিবাদেই শ্রমিকরা কর্মবিরতিতে নেমেছেন।
অন্যদিকে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত দাবি করেন, তারা নিয়ম মেনেই বাস থেকে চাঁদা নিচ্ছেন। বরং অন্য সংগঠনটি অনুমতি ছাড়াই বাস থেকেও চাঁদা আদায় করছে।
দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোটরশ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ধ্যার মধ্যে চাঁদা আদায় বন্ধ না হলে বাসের পাশাপাশি ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দুই পক্ষকে নিয়ে বৈঠক করা হলেও সমঝোতা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শত শত যাত্রী পড়েছেন বিপাকে। অনেকে বাধ্য হয়ে ছোট যানবাহনে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন, আবার কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যাচ্ছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।