ইরানের পৃথক দুটি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে এ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, গ্যাস লিক থেকেই এসব বিস্ফোরণের সূত্রপাত। বন্দর আব্বাসে একটি আটতলা আবাসিক ভবনের মোআল্লেম বুলেভার্ড এলাকায় বিস্ফোরণে একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হন। বিস্ফোরণে ভবনের দুটি তলা ধ্বংস হয়ে যায় এবং আশপাশের একাধিক যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে, ইরাক সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কিয়ানশাহর এলাকায় আরেকটি আবাসিক ভবনে বিস্ফোরণে চারজন নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় তেহরান টাইমস।
বন্দর আব্বাস ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ আমিন লিয়াকাত জানান, প্রাথমিক তদন্তে গ্যাস জমে বিস্ফোরণের সম্ভাবনার কথাই উঠে এসেছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব নাকচ করে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, এ বিস্ফোরণের সঙ্গে কোনো সামরিক ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করার ঘটনা জড়িত নয়।
ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল, যখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে—যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।