চট্টগ্রাম বন্দরে টানা দ্বিতীয় দিনের ৮ ঘণ্টার কর্মবিরতি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৯
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে শ্রমিক ও কর্মচারীরা টানা দ্বিতীয় দিনের মতো ৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মসূচির কারণে বন্দর কার্যক্রম প্রায় অচল হয়ে গেছে। জাহাজ থেকে কার্গো ওঠানো-নামানো, কনটেইনার খালাস এবং পণ্য ডেলিভারি সবই বন্ধ রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দরের সব ধরনের মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধনের ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, নিষেধাজ্ঞা রোববার থেকে কার্যকর হয়েছে।
জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মবিরতির কারণে জেটিতে থাকা একটি কনটেইনার জাহাজসহ মোট চারটি জাহাজের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির জানান, জিসিবি, সিসিটি ও এনসিটি সহ বন্দরের সব টার্মিনালে কার্যক্রম বন্ধ রয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় বন্দরের গুরুত্বপূর্ণ এলাকা যেমন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড় ও সল্টগোলা ক্রসিং অন্তর্ভুক্ত। রোববার আন্দোলনরত শ্রমিকরা এসব এলাকায় বিক্ষোভ মিছিলও করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।