মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

অবশেষে ৩২ ঘণ্টা অনশন ভেঙে ফেনী-২ প্রার্থী পেলেন সাফল্য

ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩

অবশেষে ৩২ ঘণ্টা অনশন ভেঙে ফেনী-২ প্রার্থী পেলেন সাফল্য। ছবি: সংগৃহীত

ফেনী-২ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া দীর্ঘ ৩২ ঘণ্টার শান্তিপূর্ণ অনশন শেষে শেষ পর্যন্ত সাফল্য অর্জন করেছেন। তাঁর দাবির প্রেক্ষিতে ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে প্রশাসন।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলে তারিকুল ইসলাম ভূঁইয়া অনশন ভঙ্গ করেন। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া তাঁকে পানি খাইয়ে অনশন ভাঙান।

এর আগে তারিকুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেছিলেন, সদর উপজেলার সহকারী কমিশনার জসিম উদ্দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পক্ষপাতমূলক আচরণ এবং প্রার্থীকে হুমকি দিয়েছেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসেন, দাবী জানান যে নির্বাচনী মাঠ সবার জন্য সমান নয় এবং প্রশাসনের নির্দিষ্ট কিছু কর্মকর্তা বিশেষ পক্ষকে সুবিধা দিচ্ছেন।

দাবি আদায়ের পর তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, "এটি কোনো একক ব্যক্তির বিজয় নয়—এটি গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম, সাহসী ভূমিকা এবং সত্যের পক্ষে অবস্থানের সম্মিলিত বিজয়।" তিনি ফেনী জেলার প্রতিটি সচেতন নাগরিক এবং দেশের মানুষকে ধন্যবাদ জানান।

তিনি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সতর্ক করে বলেন, "জনগণের অধিকার রক্ষা ও একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের লড়াই ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে নির্বাচন সংক্রান্ত কাজে অব্যাহতি দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top