কুষ্টিয়ায় শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণ, বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৬:১৩
কুষ্টিয়ার মিরপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিদ্যালয়ের পিয়ন মো. হামিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ নিতে ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে যায় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
রাত আনুমানিক ৮টার দিকে পরিবারের সদস্যরা বিদ্যালয়ে গিয়ে পিয়ন হামিদুল ইসলামের কাছে মেয়েটির খোঁজ জানতে চান। এসময় তিনি দাবি করেন, বিদ্যালয়ে কেউ নেই এবং চাবি দিতেও অস্বীকৃতি জানান। এতে পরিবারের সন্দেহ তৈরি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার পর ধস্তাধস্তির মধ্যে চাবি নিয়ে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করা হয়। পরে সেখান থেকে ছাত্রীটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে ধর্ষনের আলামত পাওয়া গেছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে এবং হাসপাতালের গাইনি ওয়ার্ডে তার চিকিৎসা চলমান রয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের পিয়ন হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছাত্রীর মা গতকাল রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ৬। গ্রেপ্তারকৃতকে পিয়ন হামিদুলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।