রাতে স্ত্রীর সঙ্গে কলহ, ভোরে রাইফেলের গুলিতে কনস্টেবলের আত্মহত্যা খুলনায়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ২০:১৬
খুলনায় দাম্পত্য কলহের জেরে সম্রাট বিশ্বাস (২৫) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। তিনি খুলনা রেলওয়ে পুলিশের সদস্য ছিলেন।
শনিবার (১৮ এপ্রিল) ভোরে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় পর্যায়ে অবস্থিত রেলওয়ে জেলা কার্যালয়ের অস্ত্রাগারে দায়িত্ব পালনকালে নিজের ইস্যুকৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের বাসিন্দা এবং শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি পরিবারের একমাত্র ছেলে ছিলেন। দুই বোনের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং অন্যজন মাস্টার্সে অধ্যয়নরত।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালে পুলিশে কনস্টেবল পদে যোগ দেন সম্রাট। চাকরিরত অবস্থায় সাতক্ষীরা জেলা পুলিশের নারী কনস্টেবল পুঁজা দাশের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় মাস আগে দুই পরিবারের সম্মতিতে তারা রেজিস্ট্রি বিয়ে করেন। সামনে আনুষ্ঠানিক বিয়ের আয়োজনের কথাও ছিল।
তবে কিছুদিন ধরে দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে জানিয়েছেন স্বজনরা। ঘটনার আগের রাতেও স্ত্রীর সঙ্গে তার ফোনে কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। পরিবারের দাবি, এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
সম্রাটের মামা সত্যজিৎ রায় বলেন, বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। সহকর্মীদের কাছ থেকেও নিয়মিত ঝগড়ার কথা জানা গেছে।
দুলাভাই বিপ্লব কুমার সেন বলেন, পরিবারের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনই এই ঘটনার কারণ হতে পারে।
খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান জানান, দায়িত্ব পালনকালে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে আত্মহত্যা করেন সম্রাট। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।