রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ত্রিনিদাদে কবরস্থানে ৫০ শিশুসহ ৫৬ মরদেহ উদ্ধার

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ২০:৪৮

ছবি: সংগৃহীত

 

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোবাগোতে একটি কবরস্থান থেকে ৫০ শিশুসহ মোট ৫৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার এ তথ্য জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ত্রিনিদাদ দ্বীপের কুমুতো শহরের একটি কবরস্থান থেকে পাওয়া যায়। এটি রাজধানী পোর্ট অব স্পেন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অবৈধভাবে বেওয়ারিশ মরদেহ ফেলে রাখার ঘটনা হতে পারে। উদ্ধার হওয়া ছয়জন প্রাপ্তবয়স্কের মধ্যে পাঁচজনের মরদেহে পরিচয় শনাক্তের ট্যাগ পাওয়া গেছে। এদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। পাশাপাশি দুটি মরদেহে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার চিহ্নও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির পুলিশ কমিশনার এ ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে, দেশে চলমান জরুরি অবস্থা আবারও নবায়ন করা হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে তল্লাশি ও গ্রেপ্তারের বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে।

জরুরি অবস্থা নবায়নের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেশটির জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু সহিংস অপরাধ কমলেও নিরাপত্তা পরিস্থিতি এখনো উদ্বেগজনক রয়ে গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top