নারায়ণগঞ্জ সিটিতে ৭৮ হাজার শিশুকে হামের টিকা
নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ২০:৩১
দেশব্যাপী হামের প্রাদুর্ভাব মোকাবেলায় নারায়ণগঞ্জেও শুরু হচ্ছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। আগামীকাল সোমবার থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম চালু হচ্ছে।
রবিবার দুপুরে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নাসিকের ২৭টি ওয়ার্ডে প্রায় ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর পুরো নারায়ণগঞ্জ জেলায় এই সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ৩ লাখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম। লিখিত বক্তব্য পাঠ করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া আক্তার।
জানা যায়, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকার আওতায় আসবে। নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় পূর্বে টিকা নেওয়া শিশুরাও এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবে। তবে কেউ যদি গত ২৮ দিনের মধ্যে অন্য কোনো টিকা নিয়ে থাকে, তাহলে তাকে এই টিকা দেওয়া হবে না।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভ্রমণজনিত কারণে অন্য জেলার কোনো শিশু নারায়ণগঞ্জে অবস্থান করলেও সে এই টিকা নিতে পারবে। বিশেষ করে ২ বছর বা এর কম বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের টিকা কার্ড সঙ্গে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কর্মজীবী বাবা-মায়ের সুবিধার কথা বিবেচনায় রেখে কিছু কেন্দ্রে সান্ধ্যকালীন টিকাদান কার্যক্রমও চালু থাকবে।
এদিকে, অঞ্চলভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী, সিদ্ধিরগঞ্জে ২৯ হাজার ৯০৮ জন, নারায়ণগঞ্জ অঞ্চলে ২৮ হাজার ১০১ জন এবং
বন্দর কদম রসূল এলাকায় ১৯ হাজার ৯৭৫ জন শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলায় হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, সিটি করপোরেশন এলাকায় ১৩ জন ভর্তি হলেও ৪ জনের শরীরে হাম পজিটিভ পাওয়া গেছে।
উল্লেখ্য, দেশে সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়েছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।