বিমানবন্দরে নিরাপত্তা চেকিংয়ে শাহরুখ, ভদ্র আচরণে মুগ্ধ নেটদুনিয়া
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬
বলিউড সুপারস্টার শাহরুখ খান মানেই ভক্তদের উচ্ছ্বাস। তাকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন কোটি অনুরাগী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানের একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মুম্বাই বিমানবন্দরের নিরাপত্তা চেকিংয়ের সময় ক্যামেরাবন্দি হন এই অভিনেতা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মুম্বাই বিমানবন্দরে পৌঁছান শাহরুখ খান। এ সময় তার পরনে ছিল আকাশি রঙের হুডি, জিন্স প্যান্ট এবং মাথায় কালো টুপি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা চেকিংয়ের সময় এক নিরাপত্তারক্ষী তাকে থামিয়ে সানগ্লাস খুলতে অনুরোধ করেন। এ সময় কোনও ধরনের বিরক্তি বা তর্কে না জড়িয়ে বরং হাসিমুখেই সানগ্লাস খুলে সহযোগিতা করেন শাহরুখ। নিরাপত্তা প্রক্রিয়া শেষে গার্ডের কাঁধে হাত রেখে সেখান থেকে চলে যান তিনি।
ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে তার ভদ্র আচরণে মুগ্ধ হন ভক্তরা। মন্তব্যের ঘরে এক ভক্ত লেখেন, “এই জন্যই তিনি রাজা।” আরেকজন লিখেছেন, “একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে শাহরুখ জানেন নিরাপত্তারক্ষীর দায়িত্ব কী, তাই তিনি সম্মান দেখিয়েছেন।”
এদিকে বর্তমানে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। এই সিনেমায় তার সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এছাড়াও সিনেমাটিতে রানি মুখার্জি, দীপিকা পাডুকোন ও অভিষেক বচ্চনের মতো জনপ্রিয় তারকারাও থাকছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার পোস্টার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।