আবু সাঈদ হত্যা মামলা
মৃত্যুদণ্ডের রায় শুনে জয় বাংলা স্লোগান, বললেন ‘এই রায় মানি না’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১০:১৫
জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৃত্যুদণ্ডের রায় শোনার পর আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং নিজেদের নির্দোষ দাবি করেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে মোট ৩০ জন আসামির মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়, জুলাই অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।
এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পের সাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল কক্ষ থেকে বের হওয়ার সময় সাবেক এএসআই আমির হোসেন চিৎকার করে বলেন, তিনি নির্দোষ এবং এই রায় মানেন না। তিনি দাবি করেন, দায়িত্ব পালন করতে গিয়ে ঊর্ধ্বতন নির্দেশ মেনেই কাজ করেছেন।
এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য সাজাপ্রাপ্ত আসামিরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
আদালত থেকে বের করার সময় আসামিদের সঙ্গে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।