‘স্থানীয় সরকার বিল পাস না হলে আ. লীগের মেয়রদের চেয়ারে বসার সুযোগ দিতে হবে’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০২৬ পাস না হলে আবার দলীয় প্রতীকে নির্বাচন ফিরিয়ে আনতে হবে এবং পূর্বে বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলরদের সাত দিনের মধ্যে দায়িত্বে বসানোর সুযোগ দিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বাদশ দিনে বিলটি উপস্থাপনের পর এ নিয়ে বিরোধিতা করেন এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদ। পরে প্রতিমন্ত্রী তার বক্তব্যে এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিল পাস না হওয়ায় নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না— এটিই একটি বিশেষ পরিস্থিতি। এই কারণেই সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অতীতেও বিশেষ পরিস্থিতির কথা বলে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে আদালতের নির্দেশনা উপেক্ষা করে নির্বাচিত মেয়রকে শপথ না করানোর ঘটনাও ঘটেছে। সেই প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন রাখেন, তখন কী বিশেষ পরিস্থিতি ছিল।
মীর শাহে আলম বলেন, এই আইন পাস না হলে পুরোনো ‘জুলুমবাজরা’ আবার ক্ষমতায় ফিরে আসবে। একইসঙ্গে আইন অনুযায়ী দলীয় প্রতীকে নির্বাচন বন্ধের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিলটি পাস না হলে আবার দলীয় প্রতীক ব্যবস্থায় ফিরতে হবে।
তিনি আরও বলেন, “যারা বিনা ভোটে আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হয়েছিল, তাদেরকে সাত দিনের মধ্যে আবার চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে।”
উপনির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভোট কারচুপির অভিযোগ বিকাল চারটার পর তোলা হয়েছে, যখন পরাজয় নিশ্চিত হয়ে গেছে। তিনি বিরোধী দলকে নির্বাচন বর্জনের পুরোনো ধারা থেকে সরে আসার আহ্বান জানান।
তিনি দাবি করেন, বর্তমান সরকারের সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এবং জনগণের রায় স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।