জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:২১
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যে দেশের নাগরিকদের জন্য হেলথ কার্ড চালু করা হবে। তিনি বলেন, নতুন বছরে দেশকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়ানো হবে।
মন্ত্রী বলেন, কৃষক কার্ড কার্যক্রমের পাশাপাশি হেলথ কার্ডও চালু করা হচ্ছে, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সহজ করবে। এছাড়া জনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফ, দুস্থদের সহায়তা, টিআর-কাবিখা ও খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইতোমধ্যে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম চলছে। আগামী ২০ তারিখ থেকে সারা দেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া শুরু হবে। দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক নেতা এবং শিক্ষার্থীরা অংশ নেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।