যুদ্ধের আতঙ্কে দিন কাটাচ্ছেন ইরানিরা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৪
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির মধ্যে ইরানিরা সম্ভাব্য যুদ্ধের আতঙ্কে দিন কাটাচ্ছেন। তেহরানসহ দেশের বিভিন্ন প্রান্তে মার্কিন হামলার গুঞ্জন ছড়িয়ে পড়ায় জনগণ উদ্বিগ্ন ও আতঙ্কিত।
গত ৩০ জানুয়ারি রাত থেকে সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না। তেহরানের রাজপথে দৈনন্দিন জীবন আপাতদৃষ্টিতে স্বাভাবিক হলেও ঘরের ভেতরে বাসিন্দারা জানালার কাঁচ স্কচটেপ বা বিশেষভাবে সিল করে বোমা হামলার ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে থাকার উপায় ও জরুরি প্রস্তুতির পরামর্শ দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকেই ১০ দিনের শুকনো খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম মজুত করছেন। বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তরা তিন মাসের অগ্রিম ওষুধ কিনে রাখছেন।
এই আতঙ্ক আরও জটিল হয়েছে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে। গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে শুরু হওয়া বিক্ষোভ দমন করতে গিয়ে সরকারি বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হন। অধিকার গোষ্ঠীর অনুমান, নিহতের সংখ্যা ৬,৫০০ ছাড়িয়ে যেতে পারে। অভ্যন্তরীণ ক্ষোভ ও বাইরের যুদ্ধের হুমকির মধ্যে সাধারণ ইরানিরা দিশেহারা। কেউ মনে করছেন মার্কিন হামলা তাদের মুক্তি দিতে পারে, আবার অভিজ্ঞরা মনে করছেন যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনবে।
প্রবাসী ইরানিরাও স্বদেশে থাকা পরিবার-পরিজন নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন। যুদ্ধের কারণে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তাদের উদ্বিগ্ন করছে। বিশেষ বিষয় হলো, অনিশ্চয়তার এই পরিস্থিতিতে জুয়া খেলার ওয়েবসাইটগুলোতে ইরানে হামলা হবে কি না তা নিয়ে বড় অঙ্কের বাজি চলছে, যা দেশটির তরুণ প্রজন্মকে ক্ষুব্ধ করেছে।
দেশের কঠোর শাসন ও আন্তর্জাতিক উত্তেজনার কারণে ইরানের সাধারণ মানুষ একটি অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি।
সূত্র: মিডলইস্ট আই
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।