এপস্টেইন ফাইলস’-এ প্রকাশ
ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ হিসেবে উল্লেখ জাতিসংঘ কর্মকর্তার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৪
সদ্য প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এ ২০১৩ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে যে কূটনৈতিক আলোচনা হয়েছিল তার তথ্য উঠে এসেছে। গোপন একটি ই-মেইলে তাকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ বা ‘লন্ডনের অভিজাত সমাজের প্রভাবশালী মুখ’ হিসেবে উল্লেখ করা হয়েছিল এবং পাকিস্তানে পশ্চিমা-সমর্থিত উদ্যোগে তার প্রভাব কাজে লাগানোর বিষয় আলোচনা করা হয়েছিল।
দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমেইলটি পাঠিয়েছিলেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা নাসরা হাসান এবং প্রাপক ছিলেন নরওয়ের কূটনীতিক ও ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট তেরিয়ে রড-লারসেন। মূলত পাকিস্তানে পোলিও নির্মূলসহ পশ্চিমা-সমর্থিত স্বাস্থ্য ও টিকাদান কর্মসূচিতে ইমরান খানের সামাজিক প্রভাব ব্যবহার করার বিষয়টি সেখানে আলোচনা করা হয়েছিল।
তৎকালীন সময় ইমরান খান ছিলেন বিরোধী দলের রাজনীতিক ও সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার। সরকারি কোনো পদে না থাকলেও, তার আন্তর্জাতিক পরিচিতি এবং সামাজিক যোগাযোগের কারণে পশ্চিমা দেশগুলো তাকে সংবেদনশীল কূটনৈতিক ইস্যুতে কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে দেখেছিল। ইমেইলে উল্লেখ করা হয়, পাকিস্তানের পিটিআই তখন খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ক্ষমতায় ছিল এবং সেখানে পোলিও ব্যাপকভাবে ছড়িয়ে থাকায় টিকাদান কর্মসূচি বাধার মুখে পড়ছিল।
এই ইমেইল প্রকাশের একদিনের পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশ করে। ২০২৫ সালের নভেম্বরে পাস হওয়া এক আইনের আওতায় যুক্তরাষ্ট্রের কংগ্রেস এ নথি প্রকাশের নির্দেশ দিয়েছিল। প্রকাশিত নথিপত্রে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ২ হাজার ভিডিও এবং ১ লাখ ৮০ হাজার ছবি অন্তর্ভুক্ত রয়েছে।
এনএফ৭১/ওতু

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।