মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে আলোচনায় বসছে লেবানন-ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:২১
মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় লেবাননের প্রেসিডেন্সি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের বিশেষ উদ্যোগেই এই বৈঠকের পথ তৈরি হয়েছে।
গত মার্চ মাসে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটিই হবে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি ও আনুষ্ঠানিক সংলাপ।
ওয়াশিংটনের এই সংলাপের ভিত্তি গড়ে ওঠে একটি ত্রিপক্ষীয় ফোনালাপের মাধ্যমে। এতে ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার সরাসরি কথা বলেন। পুরো প্রক্রিয়ায় সমন্বয়কের ভূমিকা পালন করেন লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা।
ফোনালাপে উভয় পক্ষ আগামী মঙ্গলবার বৈঠকে বসার বিষয়ে একমত হয়। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আলোচনায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ঘোষণা এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার রূপরেখা নির্ধারণে গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই এই উত্তেজনার সূত্রপাত ঘটে। এর প্রতিবাদে এবং ইরানের প্রতি সংহতি জানিয়ে ২ মার্চ ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল।
গত কয়েক সপ্তাহের এই সংঘাতে ইতোমধ্যে দেড় হাজারের বেশি লেবানিজ নাগরিক প্রাণ হারিয়েছেন। বিশেষ করে গত বুধবার (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটে শত শত বিমান হামলা চালিয়ে অন্তত তিন শতাধিক মানুষকে হত্যা করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।