রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

যুদ্ধবিরতির মধ্যেই ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর দাবি ইরানের

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৯:১৬

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থার সক্ষমতা দ্রুত বাড়ানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি বলেন, যুদ্ধবিরতির সময়েও ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম আধুনিকীকরণ এবং পুনরায় প্রস্তুতের কাজ আগের তুলনায় দ্রুতগতিতে চলছে।

তার দাবি, এই সময়ে প্রতিপক্ষ নিজেদের গোলাবারুদ পুনর্গঠনে তেমন সফল হয়নি। বরং দূরবর্তী অঞ্চল থেকে ধীরে ধীরে অস্ত্র সরবরাহ করতে হওয়ায় তাদের সামরিক প্রস্তুতি সীমিত হয়ে পড়েছে। এ অবস্থাকে তিনি প্রতিপক্ষের ‘পরাজয়’ হিসেবেও উল্লেখ করেন।

মুসাভি আরও বলেন, আঞ্চলিক প্রভাব বজায় রাখার ক্ষেত্রেও প্রতিপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

প্রকাশিত ভিডিওচিত্রে একটি ভূগর্ভস্থ স্থাপনায় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং উৎক্ষেপণ ব্যবস্থা প্রদর্শন করা হয়। পাশাপাশি ভূমি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্যও তুলে ধরা হয়েছে।

তবে ইরানের এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। সামরিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য অনেক সময় কৌশলগত বার্তা হিসেবেও প্রচার করা হয়ে থাকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top