বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

জোহানেসবার্গে গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা শামীম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৬

সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগের প্রবাসী নেতা আবু নাসের শামীম (বারা শামীম)। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের বারাকওয়ানে এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে ফোর্ডসবার্গ এলাকা থেকে বাজার করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন শামীম। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা এক দুর্বৃত্ত তার মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর ৫ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শামীমের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিচিত মুখ ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং সোনাইমুড়ী উপজেলার ইউএনও নাছরিন আক্তার ঘটনাটি নিশ্চিত করেছেন। তারা জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

এ হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top