মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

এপ্রিলেই প্রকাশ পাচ্ছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৪:৩২

ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী এপ্রিল মাসেই প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন সূত্রে জানা গেছে, এপ্রিলের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, একটি বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন। সেই পরিকল্পনার অংশ হিসেবে ৪৭তম বিসিএসের কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে প্রিলিমিনারি পরীক্ষার ফলও নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হয়েছিল।

গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ আটটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।

এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে মাত্র ৯ দিনের মধ্যে ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যেই মৌখিক পরীক্ষার সূচি ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top