প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করবে সরকার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৪:১১
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল পোশাক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য মো. সেলিম রেজা শিক্ষাখাতে সরকারের পরিকল্পনা জানতে চান। তিনি প্রশ্ন রাখেন—শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রজন্মকে গুণগতমানসম্পন্ন শিক্ষা, আধুনিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে সরকারের কী ধরনের পরিকল্পনা রয়েছে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও জানান, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল পোশাক বিতরণ করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।