শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:১১

ছবি: সংগৃহীত

অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ জন সাব-রেজিস্ট্রারের বদলির মাধ্যমে শতকোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন দুদকের কার্যালয়ে এ আবেদন দাখিল করেন। আবেদনে ‘৮ মাসে সাব-রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শতকোটি’ শিরোনামের একটি সংবাদপত্রের প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আট মাসের মধ্যে (অক্টোবর-২৪ থেকে এপ্রিল-২৫) নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে কমপক্ষে ২৮২ জনকে বদলি করা হয়েছে। এর মধ্যে অন্তত ২০০ জন ঘুষের মাধ্যমে পছন্দমত অফিসে বদলি পেয়েছেন। প্রতি কর্মকর্তার জন্য ঘুষের পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা দাবি করা হয়েছে।

বদলির নিয়ম অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডের কর্মকর্তাদের সমমানের অফিসে বদলি করতে হয়। কিন্তু অভিযোগ অনুসারে ওই সময়ে ঘুষের বিনিময়ে নিম্নগ্রেড কর্মকর্তাদেরও উচ্চতর অফিসে বদলি দেওয়া হয়েছে। যারা ঘুষ দিতে রাজি হয়নি তাদের ‘শাস্তিমূলকভাবে’ নিম্নগ্রেড অফিসে পাঠানো হয়েছে।

বদলির নীতিমালা অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডের অফিসে সমমানের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করতে হয়। কিন্তু আট মাসে নীতিমালার তোয়াক্কা করা হয়নি। ঘুষের বিনিময়ে ‘সি’ ও ‘বি’ গ্রেডের সাব-রেজিস্ট্রারদের অনেককেই উচ্চতর অফিসে পোস্টিং দেওয়া হয়েছে, আর ‘এ’ গ্রেডের কর্মকর্তাদের নিম্নগ্রেড অফিসে বদলি করা হয়েছে।
কিছু কর্মকর্তাকে বারবার বদলির মুখোমুখি হতে হয়েছে, এমনকি যোগদানের আগের দিনও অন্য অফিসে বদলির চিঠি দেওয়া হয়েছে।

বদলি-বাণিজ্যের মাত্রা এতটাই বেড়ে যায় যে, গত বছরের ১ জুন আইন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে সতর্কতা প্রদান করে। এতে বলা হয়, জেলার রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার বদলিতে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই এবং কোনো ধরনের প্রলোভন বা প্রতারণা থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের আগে শত শত সাব-রেজিস্ট্রারের বদলিতে কোটি টাকার ঘুষের লেনদেন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর আর কোনো বদলির আদেশ হয়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top