৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৩
মালয়েশিয়া থেকে আনা ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে দুটি জাহাজ। এর মধ্যে রয়েছে ২৬ হাজার মেট্রিক টন অকটেন এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস তেল।
বন্দর সূত্রে জানা গেছে, জাহাজ দুটি বুধবার রাতে বন্দরের জলসীমায় প্রবেশ করে। পরে বৃহস্পতিবার সকালে বহির্নোঙরে এসে পৌঁছায়। বিকেলের মধ্যে পতেঙ্গার ডলফিন জেটিতে জাহাজ দুটি নোঙর করার কথা রয়েছে। সেখানে জ্বালানি তেল খালাস করা হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ‘সেন্ট্রাল স্টার’ নামের জাহাজে করে অকটেন এবং ‘ইস্টার্ন কুইন্স’ নামের জাহাজে করে ফার্নেস তেল আনা হয়েছে। জ্বালানি খালাসে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাসবাহী মোট ৩৩টি জাহাজ নোঙর করে। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং ৯টি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহন করে আনে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আশা করছে, এ ধরনের বড় চালান দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের নোঙর প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস সম্পন্ন হয়েছে এবং আরও কিছু জাহাজ আসার অপেক্ষায় রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।