তেলের দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণের বৈঠক শুরু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৩:০৩
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা। তবে বৈঠকে ভাড়া বৃদ্ধির হার নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে বিআরটিএ কার্যালয়-এ শুরু হওয়া এই বৈঠক রাত ১০টার দিকে শেষ হয়। সংশ্লিষ্টরা জানান, সোমবার (২০ এপ্রিল) প্রস্তাবনা চূড়ান্ত করা হবে এবং পরে তা অনুমোদনের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ-এ পাঠানো হবে।
বৈঠকে আলোচনায় উঠে এসেছে, দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে ভাড়া ১ পয়সা বাড়ানো হয়। সে হিসেবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির কারণে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।
তবে পরিবহন মালিকরা জানিয়েছেন, ২০২২ সালের পর বাস-মিনিবাস পরিচালনার ব্যয় নিয়ে কোনো সমন্বিত বিশ্লেষণ হয়নি। ডলারের মূল্যবৃদ্ধির কারণে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের দাম বেড়েছে—এ বিষয়টিও ভাড়া নির্ধারণে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
বর্তমানে দূরপাল্লার রুটে বাসভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।