বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

নোয়াব সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৪

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্যরা। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা ২০ মিনিটে শুরু হয়ে বৈঠকটি বিকাল সাড়ে ৩টায় শেষ হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রী নোয়াব সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং পরে গ্রুপ ছবিও তোলেন। বিএনপি সরকার গঠনের পর নোয়াবের সঙ্গে এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। তিনি নিয়মিত সংবাদপত্র পড়েন ও টেলিভিশন দেখেন এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন বলে উল্লেখ করেন।

তিনি নোয়াব সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরপর এ ধরনের মতবিনিময় আয়োজনের আশ্বাস দেন।

বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বক্তব্য দেন। তিনি সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান।

নোয়াব নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তারা ২০০১ সালে বিএনপি সরকারের সময় সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার বিষয়টি স্মরণ করেন এবং বর্তমানে এই খাত সংকটে পড়েছে বলে মন্তব্য করেন।

তারা পূর্ববর্তী সরকারের সময়ের বকেয়া সরকারি বিজ্ঞাপন বিল পরিশোধের দাবি জানান এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের জামিনের বিষয়েও প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

নোয়াব সদস্যরা নিয়মিতভাবে তিন মাস পরপর সরকারের সঙ্গে এ ধরনের বৈঠক আয়োজনের প্রস্তাবও দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদ, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশক নাসিম মনজুর।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top