বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের প্রশংসা ইরানের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৫

সংগৃহীত

মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসা করেছে ইরান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকাস্থ ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পারস্পরিক সম্মান ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

বিজ্ঞপ্তিতে ইরান তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করে।

এতে আরও জানানো হয়, আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ-এর সাম্প্রতিক বৈঠককে স্বাগত জানানো হয়েছে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান কাজ করছে। পাশাপাশি আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।

ইরান বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির ভূমিকার প্রশংসা করে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সংক্রান্ত ঘটনায় বাংলাদেশের সমবেদনা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

একই সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কিছু গণমাধ্যমে ‘সিলেক্টিভ’ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ জানিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানায় তেহরান। দুই দেশ পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top