পল্লবীতে গৃহশিক্ষিকাকে নৃশংসভাবে হত্যা,লাশের হাতে মুঠোবদ্ধ চুল ঘিরে রহস্য
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৪
রাজধানীর পল্লবীতে ৬৮ বছর বয়সী গৃহশিক্ষিকা ফিরোজা খানম জোসনাকে হাতুড়ি দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়েছে। নির্মম এই হামলায় তার দাঁত ভেঙে যাওয়ার মতো ভয়াবহতা দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে পাওয়া একটি লম্বা কালো চুল এখন তদন্তে নতুন দিক খুলে দিয়েছে। নিহতের মুঠোবদ্ধ হাতে থাকা ওই চুলকে কেন্দ্র করেই সম্ভাব্য হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সাবলেট ভাড়াটিয়াদেরও সন্দেহের তালিকায় রাখা হয়েছে এবং তাদের চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পল্লবী ১২ নম্বর এলাকার গাজী মঞ্জিলের তিন রুমের একটি ফ্ল্যাটে প্রায় এক দশক ধরে একা বসবাস করতেন জোসনা। তিনি দুটি রুম সাবলেটে ভাড়া দিয়েছিলেন। গত ১৬ এপ্রিল রাত ১০টার দিকে তিনি বাসায় ফেরেন, পরদিন সকালে দারোয়ান দরজা খোলা অবস্থায় পেয়ে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান।
পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। নিহতের ভাই জানান, তিনি টিউশনি করিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত ছিল।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ঘটনাস্থলে চুরি বা ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। তাই ব্যক্তিগত সম্পর্ক, পূর্বশত্রুতা বা ভাড়াটিয়াদের সংশ্লিষ্টতা—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ভবনে সিসিটিভি না থাকায় আশপাশের ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে চলছে।
পুলিশ জানিয়েছে, এখনো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত নয়, তবে একাধিক দিক সামনে রেখে তদন্ত অব্যাহত রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।