দেশে দ্বিতীয় তেল শোধনাগার না থাকায় ব্যয় বাড়ছে: সেনাপ্রধান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৩৯
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশে এখনো দ্বিতীয় কোনো তেল শোধনাগার বা রিফাইনারি গড়ে ওঠেনি, যা অত্যন্ত প্রয়োজনীয়। তিনি মনে করেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬’–এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাবিদ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মোট ৪৫ জন ফেলো এই কোর্সে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের কৌশলগত ধারণা বৃদ্ধি, বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে।
সেনাপ্রধান কোর্স সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের একমাত্র ইস্টার্ন রিফাইনারি বর্তমানে জ্বালানি চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পূরণ করতে সক্ষম। ফলে বাকি অংশ পরিশোধিত আকারে আমদানি করতে হয়, যার কারণে ব্যয় অনেক বেড়ে যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।