বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রয়োজনে বাড়তে পারে ৯০ বছর পর্যন্ত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আয়ুষ্কাল ৬০ বছর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:২০

ছবি: সংগৃহীত

 

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে টানা প্রায় ৬০ বছর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও নিয়মিত মেরামত নিশ্চিত করা গেলে এই সময়সীমা আরও বাড়িয়ে প্রায় ৯০ বছর পর্যন্ত নেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) কেন্দ্রটির গুরুত্বপূর্ণ ধাপ জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় যুক্ত হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি চালুর জন্য মোট ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল প্রয়োজন। প্রতিটি বান্ডেলে রয়েছে ১৫টি করে ইউরেনিয়াম রড। ইতোমধ্যে মোট ১৬৮টি বান্ডেল সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১৬৩টি ব্যবহার করা হবে এবং বাকি ৫টি সংরক্ষিত থাকবে।

সবগুলো জ্বালানি চুল্লিতে স্থাপন করতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এরপর নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে তাপ উৎপন্ন হবে, সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়ে টারবাইন ঘুরাবে এবং সেখান থেকেই বিদ্যুৎ উৎপাদিত হবে।

একবার জ্বালানি লোড করা হলে তা দিয়ে প্রায় দেড় বছর পর্যন্ত অবিরাম বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এই সময়ে তেল, গ্যাস বা কয়লার মতো নিয়মিত জ্বালানি আমদানির প্রয়োজন পড়বে না। দেড় বছর পর পুরো জ্বালানি একসঙ্গে পরিবর্তন না করে ধাপে ধাপে এক-তৃতীয়াংশ করে পরিবর্তন করেই উৎপাদন চালু রাখা হবে।

জ্বালানি লোডিং শেষে আরও একাধিক নিরাপত্তা ও প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করা হবে। সব ধাপ সফলভাবে শেষ হলে কয়েক মাসের মধ্যেই ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হবে।

রূপপুর প্রকল্পের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top