বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:১৯

সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন।

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী ডেনমার্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ, যেখানে দক্ষ জনশক্তি, বৃহৎ বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান বিদেশি বিনিয়োগের জন্য বড় সুযোগ তৈরি করেছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ শ্রমশক্তি কর্মবাজারে যুক্ত হচ্ছে, যা শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস খাতের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণে সরকারের চলমান উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী ডেনমার্কের বিনিয়োগকারীদের বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো এবং শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

অন্যদিকে, ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের সম্পর্ক এখন উন্নয়ন সহযোগিতা থেকে ব্যবসায়িক অংশীদারিত্বে রূপ নিচ্ছে। তিনি বাংলাদেশের নতুন সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ডেনমার্ক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, ডেনমার্কের বিভিন্ন কোম্পানি, বিশেষ করে মার্স্ক, বাংলাদেশে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে সহযোগিতা ও ডেইরি ভ্যালু চেইন উন্নয়নে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top