রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। অবশিষ্ট মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়ায় রয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে মুহাম্মাদ আলী আছগার-এর প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য তুলে ধরেন আইনমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্ত ব্যক্তির দলীয় পরিচয় উল্লেখ করা হয় না। ফলে সারাদেশে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতসংখ্যক হয়রানিমূলক মামলা হয়েছে, তার নির্ভুল পরিসংখ্যান সরকারের কাছে নেই।
তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।
মন্ত্রী আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা শনাক্ত ও প্রত্যাহারের জন্য ২০২৬ সালের ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটি আবেদন, এজাহার, চার্জশিট ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে থাকে।
পরবর্তীতে এসব সুপারিশ যাচাই-বাছাইয়ের জন্য ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।