হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৮:১৭
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পাঠানো অনুরোধ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিষয়টি বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে।
বৃহস্পতিবার দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যে অনুরোধ এসেছে, সেটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এই ইস্যুতে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ভারত খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।
তিনি আরও জানান, বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর করার বিভিন্ন প্রস্তাব নিয়েও আলোচনা চলছে।
ভারতের পক্ষ থেকে বলা হয়, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং একই সঙ্গে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী।
দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানানো হয়। মুখপাত্র আশা প্রকাশ করেন, শিগগিরই দুই দেশের মধ্যে বিস্তারিত মতামত বিনিময়ের জন্য আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।