৩০ দিনের মধ্যেই যুদ্ধ শেষ করতে নতুন প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ০৮:৩৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের স্থায়ী অবসান চেয়ে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে আগামী ৩০ দিনের মধ্যে সব অমীমাংসিত ইস্যুর সমাধান করার আহ্বান জানানো হয়েছে।

ইরান জানিয়েছে, তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য যুদ্ধবিরতির সময় বাড়ানো নয়, বরং চলমান সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা পরিকল্পনার জবাব হিসেবেই তেহরান এই পাল্টা প্রস্তাব উত্থাপন করেছে।

রোববার কাতারভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ আধা-সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ১৪ দফার এই প্রস্তাবে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতাসহ সব ধরনের বৈরিতা বন্ধ করা।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতি এখনো টিকে আছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রোববার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একাধিক দফার আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল ওমান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top