পদ না পেয়ে লাইভে এসে অঝোরে কাঁদলেন ছাত্রদল নেতা

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ০৮:৫৬

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন একাধিক নেতাকর্মী। এর মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে কান্নাজড়িত কণ্ঠে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার রাতে ৩১১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে স্থান না পাওয়া নেতাদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পরও তাদের মূল্যায়ন করা হয়নি।

পদবঞ্চিত আহসান উল্লাহ নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, তারা দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করলেও নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে। এতে তাদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, ত্যাগের পরও দলীয় স্বীকৃতি না পাওয়া অত্যন্ত কষ্টের।

নিজের ব্যক্তিগত জীবনের ক্ষতির কথাও তুলে ধরে তিনি জানান, চাকরির সুযোগ পেয়েও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তা হারাতে হয়েছে। এরপরও দলীয় কার্যক্রমে যুক্ত থেকেও প্রত্যাশিত মূল্যায়ন পাননি বলে অভিযোগ করেন তিনি।

একইভাবে মহানগর ছাত্রদলের এক নেতা তার সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টে কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানান। তার অভিযোগ, যথাযথ সমন্বয় ও আলোচনা ছাড়াই একতরফাভাবে কমিটি ঘোষণা করা হয়েছে, যা সংগঠনের প্রচলিত নিয়মের পরিপন্থী।

তিনি আরও দাবি করেন, নতুন কমিটিতে বিতর্কিত পটভূমির ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার যথাযথ মূল্যায়ন হয়নি। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

তবে সংগঠনের অন্য একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সব কর্মীকে একসঙ্গে পদ দেওয়া সম্ভব নয়। দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা অনেকেই এবার কমিটিতে স্থান পেয়েছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি বলেন, যারা দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সক্রিয় ছিলেন, তাদেরই মূল্যায়ন করে কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিয়ে যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয় বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে, জেলা পর্যায়ের এক শীর্ষ নেতা বলেন, দলের কঠিন সময়ে যারা মাঠে সক্রিয় ছিলেন, তাদের যথাযথ মূল্যায়নের বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত।

উল্লেখ্য, শনিবার রাতে কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top