মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

পশ্চিমবঙ্গের কে হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী ?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:৩৪

সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি। ২৯৩ আসনের মধ্যে ২০৬টিতে জয় নিশ্চিত করে সরকার গঠনের পথে এগিয়ে গেছে দলটি, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১৪৮ আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন। ফলাফল ঘোষণার পর রাজ্যজুড়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিজেপির কর্মী-সমর্থকরা।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ফলাফলকে “ঐতিহাসিক পরিবর্তন” হিসেবে উল্লেখ করে বলেন, এটি শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং একটি মতাদর্শগত পরিবর্তনের প্রতিফলন। তিনি আরও দাবি করেন, বর্তমানে ভারতে আর কোনো রাজ্যে কমিউনিস্ট পার্টির সরকার নেই।

দীর্ঘ ১৫ বছর পর বাংলায় ক্ষমতাচ্যুত হলো তৃণমূল কংগ্রেস। ‘জোড়াফুল বনাম পদ্মফুল’-এর লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছে বিজেপি।

নির্বাচনের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ছিল ভবানীপুর আসন। এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-এর কাছে। ২০ রাউন্ড গণনা শেষে প্রায় ১৫ হাজারের বেশি ভোটে জয় পান শুভেন্দু। তিনি মোট ৭৩ হাজার ৪৬৩ ভোট পান, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৩৪৯ ভোট।

অন্যদিকে, ফলাফল প্রত্যাখ্যান করে বিজেপির বিরুদ্ধে শতাধিক আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি এবং এটিকে “অনৈতিক জয়” হিসেবে আখ্যা দেন।

এদিকে, সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে। সম্ভাব্যদের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রভাবের জন্য পরিচিত।

এছাড়া দৌড়ে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং রাজ্যসভার সাবেক সদস্য রূপা গাঙ্গুলী।

সব মিলিয়ে, এই নির্বাচনের ফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top