পশ্চিমবঙ্গে কি জারি হতে যাচ্ছে একদিনের রাষ্ট্রপতি শাসন?
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১২:৪৪
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সদ্য শেষ হওয়া ভোটে তৃণমূল কংগ্রেসের বড় পরাজয়ের পরও দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে পরাজয় হিসেবে মানতে নারাজ বলে জানা গেছে। ফলে তিনি লোকভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে আজ বৃহস্পতিবার রাত ১২টার পর বর্তমান সরকারের মেয়াদ সাংবিধানিকভাবে শেষ হয়ে যাবে। এরপর রাজ্যে কী পরিস্থিতি তৈরি হবে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
অন্যদিকে আগামী ৯ মে, শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই পরিস্থিতিতে সরকারের মেয়াদ শেষ হওয়ার পর শপথের মধ্যবর্তী সময়ে কী হবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, যদি বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন এবং নতুন সরকারও শপথ না নেয়, তাহলে স্বল্প সময়ের জন্য হলেও রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হতে পারে। তাদের মতে, এটি ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা হতে পারে।
ভারতের সাংবিধানিক রীতি অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার পর বিদায়ী মুখ্যমন্ত্রী সাধারণত রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন এবং নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন। তবে এই দায়িত্বকালীন সময়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না।
এ বিষয়ে প্রবীণ আইনজীবী হরিশ সালভে বলেছেন, রাজ্যপাল চাইলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করে অন্তর্বর্তী দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করতে পারেন। তবে পদত্যাগ না হলে স্বল্প সময়ের জন্য সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে বলেও মত দিয়েছেন তিনি।
এদিকে নির্বাচন কমিশন নির্বাচিত বিধায়কদের তালিকা রাজ্যপালের হাতে তুলে দিয়েছে। এর ভিত্তিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ এবং পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র: এই সময়
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।