রিকশাচালক হত্যার গুজবে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, বিক্ষোভ ও ভাঙচুর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৪
রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার পর মরদেহ গুম করার অভিযোগকে কেন্দ্র করে একটি শপিং কমপ্লেক্স ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়।
রবিবার গভীর রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তরা এলাকায় একটি শপিং কমপ্লেক্সের সামনে এ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই শপিং কমপ্লেক্সের নিরাপত্তাকর্মীর সঙ্গে এক রিকশাচালকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে রিকশাচালক মারা গেছেন এবং তার মরদেহ ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে—এমন গুজব দ্রুত ছড়িয়ে পড়ে।
গুজব ছড়িয়ে পড়ার পর উত্তেজিত রিকশাচালক ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন এবং শপিং কমপ্লেক্সের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধরা ভবনে ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষুব্ধরা ইটপাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শব্দবোমা নিক্ষেপ ও লাঠিচার্জ করে। পরে রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, একজন নিখোঁজ থাকার কথা শোনা গেলেও তার নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। কেউ নিহত হয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়। বিষয়টি যাচাই করতে ঘটনাস্থলের নজরদারি ক্যামেরার দৃশ্য পরীক্ষা করা হবে। তিনি আরও জানান, পুলিশ ও সেনাবাহিনী ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কিছু পায়নি এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।