ইরানের সর্বোচ্চ নেতার স্মরণে ঢাকায় শোক সভা অনুষ্ঠিত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৫:৪১
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাত উপলক্ষে রাজধানী ঢাকায় শোক মজলিস ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
ইরানের রাহবারের দফতরের বাংলাদেশ প্রতিনিধি অফিস, আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি দপ্তর এবং বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাহাবুদ্দীন মাশায়েখী রাদ এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীরমোহাম্মাদী।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সভাপতি ও খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ ইবরাহীম খলীল রাজাভী।
বক্তারা বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা বিশ্ব ব্যবস্থার প্রতি স্পষ্ট অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা অভিযোগ করেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিরপরাধ সাধারণ মানুষ এমনকি শিশুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তাদের মতে, এই হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুতর আঘাত। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের যে বিস্তার ঘটছে, তার পরিণতি ভয়াবহ হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, পবিত্র রমজান মাসে এই হামলার মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসী ও সন্ত্রাসী চেহারা আবারও প্রকাশ করেছে।
সমাবেশে বক্তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সার্বভৌম রাষ্ট্রের মৌলিক নীতিমালার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।
সভায় ঢাকাস্থ ইরান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিক্ষোভ ও সমাবেশ করেছে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে।
এ সময় এসব দল ও সংগঠনসহ বাংলাদেশের জনগণের প্রতি ইরানের পাশে থেকে সমর্থন জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।