রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৯:২১
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ১১ রানের জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা–র দাপুটে বোলিংয়ে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। মাত্র ১৭ রানেই হারায় প্রথম তিন উইকেট। ইনিংসের প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে ফেরান তাসকিন। পরের ওভারে মাজ সাদাকাতকে আউট করেন নাহিদ রানা। পরে নিজের দ্বিতীয় ওভারে এসে মোহাম্মদ রিজওয়ানকেও সাজঘরে ফেরান তাসকিন।
এরপর গাজি ঘুরি ও আব্দুল সামাদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে বড় জুটি গড়তে পারেননি তারা। ঘুরি ২৯ ও সামাদ ৩৪ রান করে আউট হন।
একশ রানের আগেই পাঁচ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে পাকিস্তান। সে সময় দলের হাল ধরেন সালমান আলি আগা। তাকে সঙ্গ দেন অভিষিক্ত ব্যাটার সাদ মাসুদ। দুজন মিলে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন। তবে ৩৮ রানে মাসুদকে বোল্ড করে জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান।
পরবর্তীতে ফাহিম আশরাফ সালমানের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও সফল হননি। তাকে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। শেষদিকে লড়াই করেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি সালমান আলি আগা। তাতেই ১১ রানের জয় পায় বাংলাদেশ। ম্যাচে চার উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ।
এর আগে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। ৩৬ রান করে আউট হন সাইফ হাসান। এরপর ২৭ রান করে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
তবে দিনটি ছিল ওপেনার তানজিদ হাসান তামিম–এর। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। ১০৭ বলে ১০৭ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও সাতটি ছক্কা।
চতুর্থ উইকেটে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় গুরুত্বপূর্ণ জুটি গড়েন। লিটন ৪১ রান করে আউট হলেও হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৮ রানে। আফিফ হোসেন থাকেন ৫ রানে অপরাজিত। নির্ধারিত ওভারে বাংলাদেশ তোলে ২৯০ রান।
পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন হারিস রউফ। একটি করে উইকেট পান আবরার আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি।
এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে টানা সিরিজ জয়ের নজির গড়ল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে দুই দলের শেষ দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।