বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

নতুন ঝামেলায় রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো অধিনায়ক হিসেবে ফেরার কথা থাকলেও কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে তিনি পর্তুগালের সর্বশেষ ম্যাচ খেলতে পারেননি। মার্চে তাদের দুটি প্রীতি ম্যাচের সূচি ও ভেন্যু চূড়ান্ত হওয়ার পরই নতুন সমস্যা দেখা দিয়েছে।

২৯ মার্চ আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচ হওয়ার কথা থাকলেও দেশটিতে এক মাদক সম্রাটের নিহত হওয়ার পর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে।

গত রবিবার বিশেষ সেনা অভিযানে নিহত হয়েছেন মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও জালিস্কো কার্টেলের প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা কেরভান্তেস, বা ‘এল মেঞ্চো’। নিহত হওয়ার পর পুয়ের্তো ভাল্লার্তায় সহিংসতা ছড়িয়ে পড়ে। শহরের অনেক সড়ক বন্ধ হয়ে যায়, পুলিশ স্টেশনে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযানে ন্যাশনাল গার্ডের ২৫ সদস্যও প্রাণ হারান।

পরিস্থিতির কারণে মেক্সিকোর চারটি ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়। তবে আগামী ১১ জুন আসন্ন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে।

পর্তুগিজ সকার ফেডারেশন জানিয়েছে, সরকারি ও মেক্সিকান ফুটবল ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রাখা হচ্ছে।

মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে বলেছেন, “পর্তুগালের প্রতিক্রিয়া স্বাভাবিক এবং তারা পরিস্থিতি মূল্যায়ন করার অধিকার রাখে।” দেশের প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম জানিয়েছেন, বিশ্বকাপে বিদেশি সমর্থকদের আগমনে কোনো ঝুঁকি নেই।

ফুটবল বিশ্বকাপের মাত্র তিন মাস বাকি থাকায় মেক্সিকোর নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। আশা করা হচ্ছে, পরিস্থিতি স্থিতিশীল হলে ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top