ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শেফার্ড–হোল্ডারের লড়াকু পুঁজি ওয়েস্ট ইন্ডিজের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৩
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পড়া দলকে টেনে তুলেছেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। অষ্টম উইকেটে তাদের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ক্যারিবীয়রা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ব্রেন্ডন কিং (২১), শাই হোপ (১৬) ও রভম্যান পাওয়েল (৯) দ্রুত সাজঘরে ফেরেন। একপর্যায়ে মাত্র ৮৩ রানেই ৭ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে দলটি। পাওয়ারপ্লের ছয় ওভারেই ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ৫২ রান।
এরপরই দৃশ্যপট বদলে দেন হোল্ডার ও শেফার্ড। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অষ্টম উইকেটে গড়ে তোলেন দারুণ এক জুটি। আগ্রাসী অথচ দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিবীয় ইনিংসে প্রাণ ফেরান এই দুজন। শেষ ওভারে রানআউট হওয়ার আগে জেসন হোল্ডার ৩১ বলে ৪৯ রানের কার্যকর ইনিংস খেলেন। অন্যদিকে ৩৭ বলে ৫২ রানের ঝড়ো ফিফটি হাঁকিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া কাগিসো রাবাদা ও করবিন বশ নেন ২টি করে উইকেট।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।