বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি বাসা বরাদ্দ সম্পন্ন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪৫

সংগৃহীত

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি বাসা বরাদ্দের প্রক্রিয়া শেষ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ কার্যক্রম সম্পন্ন হয়। শিগগিরই সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে পরিদপ্তর।

রাজধানীর হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকা ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত। আগে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা সেখানে বসবাস করতেন। তাদের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও এসব বাংলোয় ওঠেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে। দায়িত্ব হস্তান্তরের পর সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বাংলো ছাড়তে শুরু করেন। সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, বেশির ভাগ উপদেষ্টা ইতোমধ্যে বাসা ছেড়েছেন। সর্বশেষ গত সোমবার তিনজন সাবেক উপদেষ্টা বাংলো ছাড়েন এবং আরও দুজন শিগগিরই ছাড়বেন বলে জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগে থেকেই মিন্টো রোডের ৩৩ নম্বর বাংলোয় অবস্থান করছেন। তিনি মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। পরে তাকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় বিএনপি সরকার। ফলে তিনি আগের বাংলোতেই থাকছেন।

কে কোথায় পেলেন বাসা

সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে—

  • স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর — ৩৫ হেয়ার রোড
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ — ২৪ বেইলি রোড
  • মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) — ৫ হেয়ার রোড
  • সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন — ২৫ বেইলি রোড
  • ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ — ৭ মিন্টো রোড
  • ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু — ২ মিন্টো রোড
  • সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী — ৫ মিন্টো রোড
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান — ১ হেয়ার রোড
  • পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি — ৬ হেয়ার রোড

এ ছাড়া—

  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা — ১ মিন্টো রোড
  • স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন — ৪ মিন্টো রোড
  • শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন — ৩৪ মিন্টো রোড
  • ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম — ৪১ মিন্টো রোড
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ — ২ হেয়ার রোড

দলীয় নেতা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে বেইলি রোডে বাংলো বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গুলশানে সরকারি বাসা দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে ধানমন্ডিতে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীদের জন্য ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’

প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোডের ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’-এ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। তিনটি দশতলা ভবনে মোট ৩০টি ফ্ল্যাট রয়েছে।

সরকারি আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু সংস্কারকাজ বাকি থাকায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসায় উঠতে কিছুটা সময় লাগবে। আগামী ঈদুল ফিতরের পর তারা সরকারি বাসায় উঠতে পারবেন বলে আশা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top