বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

একুশে পদক ২০২৬ গ্রহণ করলেন অভিনেত্রী ববিতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫০

সংগৃহীত

দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ গ্রহণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন।

সম্মাননা গ্রহণের পর ববিতা সংবাদমাধ্যমকে বলেন, “অবশেষে একুশে পদকপ্রাপ্ত হলাম। গভীর আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে এই সম্মাননা গ্রহণ করেছি। আমাকে রাষ্ট্রীয় এই সম্মাননায় ভূষিত করায় রাষ্ট্র, এদেশের মানুষ এবং আমার প্রিয় দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দলকে পদক দেওয়া হয়।

ববিতা ছাড়াও সংগীতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু। সাংবাদিকতায় শফিক রেহমান, স্থাপত্যে মেরিনা তাবাসসুম এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ রাষ্ট্রীয় এই স্বীকৃতি লাভ করেছে।

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলার ক্ষেত্রে ববিতার অবদান অনস্বীকার্য। সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’সহ অসংখ্য কালজয়ী সিনেমায় তাঁর অভিনয় আজও দর্শকপ্রিয়। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই পদক তাঁর দীর্ঘ শিল্পসাধনার প্রাপ্য রাষ্ট্রীয় স্বীকৃতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং পদকপ্রাপ্তদের অবদানের বিবরণ পাঠ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top