বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

ক্যাচ বিতর্কে বিশ্বকাপ স্বপ্ন ভাঙল দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৬:২১

ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তবে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের আউট নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মার্করামের দেওয়া ক্যাচ ধরতে গিয়ে প্রথমে বল ফসকে যায় রাচীন রবীন্দ্রের হাত থেকে। পরে ড্যারিল মিচেল সেই ক্যাচটি তালুবন্দি করেন বলে দাবি করা হয়। তবে রিপ্লেতে দেখা যায়, ক্যাচ সম্পূর্ণ হওয়ার আগে বলটি লাফিয়ে উঠেছিল। সেটি মাটিতে লেগে উঠেছিল, নাকি মিচেলের হাতেই লেগে লাফিয়েছিল—এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

ঘটনাটি যাচাই করতে একাধিকবার রিপ্লে দেখা হয়। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন ভারতের নীতীন মেনন। শেষ পর্যন্ত তিনি মার্করামকে আউট ঘোষণা করেন। তবে টেলিভিশন রিপ্লে ও ধারাভাষ্যকারদের বিশ্লেষণেও বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায়নি।

এই সিদ্ধান্তে গ্যালারিতে থাকা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পরিবার ও সমর্থকদের হতবাক হয়ে যেতে দেখা যায়।

চলতি আসরের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো প্রোটিয়াদের। এর আগের আসরে তারা ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। সেই আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই শিরোপা জিতেছিল ভারত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top