রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের বিজয় শোভাযাত্রা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ০৯:২২

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্য অর্জন করে বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখা লাল-সবুজের প্রতিনিধিদের বরণ করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ট্রফি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন চ্যাম্পিয়ন ফুটবলাররা। বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুষ্পস্তবক ও করতালির মধ্য দিয়ে বরণ করা হয় বিজয়ীদের।

বিমানবন্দর থেকে বের হয়েই ফুটবলাররা ওঠেন বিশেষভাবে সাজানো একটি ছাদখোলা বাসে। সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। রাজধানীর প্রধান সড়কজুড়ে দুই পাশে জড়ো হন শত শত ফুটবলপ্রেমী। হাতে জাতীয় পতাকা, মুখে বিজয়ের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

চ্যাম্পিয়ন ফুটবলাররাও বাসের ওপর থেকে হাত নেড়ে সাধারণ মানুষের ভালোবাসার জবাব দেন। উচ্ছ্বাস আর আনন্দে ভাসতে থাকে পুরো শহর।

বিজয় শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে আয়োজিত হবে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের এই অর্জন শুধু খেলোয়াড়দের নয়, পুরো জাতির গর্ব। শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের উৎসাহিত করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top